দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা) কর্তৃক প্রথমবারের মত আয়োজিত নবীনবরণ ও ইফতার মাহফিল-২০১৭ গত ০৪ই জুন, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম লেকচার হলে সফলভাবে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল যেন ঢাকাস্থ কুতুবদিয়াবাসীদের মিলনমেলায় পরিণত হয়। এতে ঢাকাস্থ কুতুবদিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ঢাকা শহরে অধ্যয়নরত কুতুবদিয়ার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুতুবদিয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও বর্তমান শিক্ষার অবস্থান নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। অতিথিদের মধ্যে মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ ম্যামকে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান সোহেল। ক্রমান্বয়ে স্নাতক(সম্মান) ভর্তি পরীক্ষা ২০১৬-১৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুতুবদিয়ার কৃতী শিক্ষার্থীদের দ্বীপশিখার পক্ষ থেকে অতিথিদের দ্বারা সংবর্ধনা দিয়ে বরণ করে নেয়া হয়।
মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে। তারপর সংগঠনের সাধারণ সম্পাদক এজাম উদ্দিনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। অত্র সংগঠনের সভাপতি মেহেদী হাসান সোহেলের সভাপতিত্বে এবং ইয়াছির আরাফাত ও নাঈম সিদ্দিকি তোফাতের সঞ্চলনায় আলোচনাসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আ.ম.ম. নাসির উদ্দিন, বাংলাদেশ কাস্টমসের সহকারী কমিশনার(অব.) মুক্তিযোদ্ধা মোহা. আবুল কাশেম, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক ও ইক্যুয়টিবিডির চীফ মডারেটর রেজাউল করিম চৌধুরী, মিরপুর ক্যান্টনমেন্টে কর্মরত কর্ণেল মিজান, ইমিনেন্স কলেজের ইংরেজি শিক্ষক মশিউর রহমান, পিংকন ফ্যাশন সোর্সিং এর সিইও ও দ্বীপশিখার প্রধান উপদেষ্টা মোমেন আকসা প্রমুখ সহ কুতুবদিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
আলোচনাসভায় বক্তারা ঢাকাস্থ কুতুবদিয়ার এত শিক্ষার্থী দেখে অভিভূতি প্রকাশ করেন ও দ্বীপশিখা(কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা) গড়ার জন্য ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া রক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের কাছে সামষ্ঠিক দাবী তোলে ধরার প্রতি জোর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সমাপনি বক্তব্য দেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান সোহেল এবং তার বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।